সন্তানসম্ভবা কারিনাকে কফি না খাওয়ার পরামর্শ আমিরের

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১১:৫০
চলতি বছরের ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা কাপুর খান, খবরটা দিন কয়েক আগে জানিয়েছিলেন সাইফ আলী খান। এরপর থেকেই হবু মাকে অভিনন্দন বার্তার পাশাপাশি সহ-অভিনেতাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ শুনতে হচ্ছে। এই সহ-অভিনেতাদের তালিকায় আছেন আমির খানও। তিনিও তার 'ভালো বন্ধু' কারিনাকে প্রেগন্যান্সি সংক্রান্ত বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
 
আমির এবং কারিনা তিনটে ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এগুলো হলো 'বম্বে টকিজ', '৩ ইডিয়েটস' এবং 'তালাশ'। যদিও এর বহু আগে থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব।
 
সম্প্রতি 'মিস্টার পারফেকশনিস্ট' কারিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুজনে একসঙ্গে লাঞ্চও করেন। এই সময় তিনি কারিনাকে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি সাইফ-পত্নীকে এই সময় ডায়েট করতেও মানা করেন। আর বারবার তিনি কারিনাকে কফির থেকে একদম দূরে থাকতে বলেন।