'টেস্ট ক্রিকেটে স্টার্ক ৩শ’ উইকেট ছাড়িয়ে যেতে পারে'

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১২:৩৯
 
অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক টেস্ট ক্রিকেটে ৩শ’ উইকেটের বেশি পাবে বলে মনে করেন দেশটির সাবেক খেলোয়াড় ও বোলিং কোচ ক্রেইগ ম্যাকডরমট। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে স্টার্ক সহজেই ৩শ’ উইকেট পেতে পারে, এমনকি তার বেশিও হতে পারে। সে খুবই উঁচুমানের বোলার।’ নয়াদিল্লিতে একটি একাডেমি পরিদর্শনকালে স্টার্কের প্রশংসা করে বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ম্যাকডরমট।
 
২০১০ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় স্টার্কের। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চেনান তিনি। ফলে পরের বছরেই নিজ দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় স্টার্কের। ঐ টেস্টের দু’ইনিংসে মাত্র ২ উইকেট নেন তিনি।
 
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে থিতু হতে থাকেন স্টার্ক। তাই ক্রিকেট অঙ্গনে আজ বড় তারকা স্টার্ক। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের প্রধান অস্ত্রও বটে। ইতোমধ্যে ২৫ টেস্টে ৯১ ও ৫১ ওয়ানডেতে ৯৮ উইকেট এবং ২০ টুয়েন্টি টুয়েন্টি ২৬ উইকেট শিকার করে ফেলেছেন তিনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন স্টার্ক।
 
তাই স্টার্কের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার একসময়কার তারকা পেসার ম্যাকডরমেট। তিনি বলেন, ‘অনেক উঁচু মানের বোলার স্টার্ক। বলের প্রতি তার নিয়ন্ত্রণ বেশ। ব্যাটসম্যানদের বিপদে ফেলার সকল অস্ত্র তার হাতে রয়েছে। বর্তমান অস্ট্রেলিয়ার দলের পেস অ্যাটাকের হিরো। ওর ভবিষ্যত উজ্জল।’
 
স্টার্কের ভবিষ্যত উজ্জল- বলছেন ম্যাকডরমট। তাই ভবিষ্যতে বিশেষ করে টেস্ট ক্রিকেটে স্টার্কের গন্তব্য সম্পর্কে ম্যাকডারমট বলেন, ‘আমার মনে হয় স্টার্ক সহজেই ৩শ’ উইকেট শিকার করে ফেলবে। এমনকি ৩শ’র বেশি উইকেট জমা পড়বে স্টার্কের খাতায়। যখন সে ৩শ’ উইকেট ছাড়িয়ে যাবে তখন তার সাথে হাত মিলাতে চাইবো আমি।’
 
নিজের ৭১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৯১ উইকেট নিয়েছেন ম্যাকডরমট। মাত্র ৯ উইকেট কম থাকাতে ৩শ’র সীমানা স্পর্শ করতে পারেননি তিনি। তাই হয়তো নিজের ৩শ’ উইকেট শিকার করতে না পারার আনন্দটা স্টার্ককে দিয়েই করানোর প্রত্যাশা ম্যাকডরমেটের।
শুধুমাত্র টেস্টই নয়, স্টার্কের ওয়ানডে পারফরমেন্স নিয়েও কথা বলেছেন ম্যাকডরমেট। তিনি বলেন, ‘আনন্দ করার জন্য ওয়ানডেতে উইকেট শিকার করে সে। টেস্টের মত ওয়ানডেতে এখনো ভংয়কর হয়ে উঠতে পারেনি স্টার্ক। এজন্য তার আরও উন্নতি করতে হবে। টেস্টে প্রতিদিনই সে উন্নতি করছে। তাই ওয়ানডেতে আরও ভালো পারফরমেন্স করতে হবে তাকে।’ -বাসস