ডোপ কেলেঙ্কারির দায়ে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছে না রাশিয়া। আর আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থার এমন সিদ্ধান্তে খুশি বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
আগামী ৫ আগস্ট ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না কোনো রুশ অ্যাথলেট। সিদ্ধান্তটিকে সময়োপযোগী বলে মনে করেন জ্যামাইকান এই গতিদানব।
বোল্ট বলেন, ‘এটা মানুষকে বিভ্রান্ত করে। অনেকের জন্য এটা এক ধরনের হুমকি, একইসঙ্গে একটি শক্তিশালী বার্তা যে খেলাধুলা এই ধরনের কলঙ্ক ঝেড়ে ফেলার ব্যাপারে খুব আন্তরিক।’
অলিম্পিকে ছয়টি স্বর্ণজয়ী জ্যামাইকান এই স্প্রিন্টার আরও বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কিন্তু নিয়ম নিয়মের মতোই চলবে। এই নিয়ম আমি তৈরি করিনি, আমি তো সিদ্ধান্তও নিই না। তবে, আমাকে এটা মেনে নিতেই হবে। যদি পুরো দলকে নিষিদ্ধ করা সঠিক সিদ্ধান্ত হয়, তাহলে আমি সেটারও পক্ষে।’
