তারেক দেশে ফিরলে আপিল করা হবে: বিএনপি

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৬:৪৩
 
মুদ্রা পাচার মামলায় হাই কোর্টের দেয়া রায়কে ন্যায়বিচারের পরিপন্থি হিসেবে বর্ণনা করে বিএনপি বলছে, তারেক রহমান দেশে ফিরলে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন।
 
তিনি বলেন, ‘হাই কোর্টের এই সাজা ন্যায় বিচারের পরিপন্থি। হাই কোর্ট একতরফাভাবে এই বিচার করেছেন। সেখানে তারেক রহমানের পক্ষে কোনো আইনজীবী বক্তব্য রাখতে পারেন নাই।’
 
তিনি আরো বলেন, ‘ইনশাল্লাহ যখন সময় আসবে, তারেক রহমান এই মাটিতে আসতে পারবেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব। আপিল করে আমরা দেখাতে পারব, এই মামলা সম্পূর্ণ বেআইনিভাবে হয়েছিল।’
 
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলায় জজ আদালত ২০১৩ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে খালাস এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে হাই কোর্ট বৃহস্পতিবার মামুনের সাজা বহাল রেখে তারেকের খালাসের রায় বাতিল করেছে। খালেদা জিয়ার ছেলে তারেককে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে করা হয়েছে ২০ কোটি টাকা জরিমানা।
 

ওই রায়ের পর বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এরপর শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন খন্দকার মাহবুব। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই মামলায় একদিন সুবিচার হবে, দেশের মানুষ জানতে পারবে যে তারেক রহমানকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য সরকার সাজা দিয়েছিল।’