জঙ্গিরা অন্ধকারের শক্তি: মতিয়া

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৯:৩৫
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, 'জঙ্গিরা অন্ধকারের শক্তি। অন্ধকারের শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে।'
 
তিনি বলেন, 'শেখ হাসিনা অন্ধকার দুর করে আলো আনার চেষ্টা করছেন। এই আলোতে বর্তমান সরকার দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করছে।'
 
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় শুক্রবার ৯ হাজার ২৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সোলার হারিকেন বিতরণকালে কৃষিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
মতিয়া চৌধুরী বলেন, দেশে অন্ধকারের শক্তি আবার তৎপরতা শুরু করেছে। জঙ্গি হামলা করে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। তারা আবার অন্ধকার আনতে চায়।
 
তিনি বলেন, অন্ধকারের শক্তি দেশটাকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অন্ধকার দূর করতে কাজ করছে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অন্ধকারের শক্তির মোকাবেলার আহ্বান জানান।
 
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।