প্রতিবেশী দেশ পাশে থাকলে অপশক্তি মোকাবিলা করা সম্ভব: শেখ সেলিম

আপডেট : ২২ জুলাই ২০১৬, ২০:৪০
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘প্রতিবেশী দেশ পাশে থাকলে যে কোনো অপশক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা সম্ভব।’
 
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে সংখ্যালঘু সম্প্রদায়ের শঙ্কা উড়িয়ে তিনি আরো বলেন, এই দেশে থাকতে কারো ভয় নেই। এটা শুধু হিন্দু কিংবা মুসলমানের ওপর আক্রমণ না, এটা মানবজাতির ওপর আক্রমণ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। তার নেতৃত্বেই এ অপশক্তিতে পরাজিত করব।
 

শেখ সেলিম বলেন, এই দেশে সাম্প্রদায়িক রাজনীতির স্থান হবে না। এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। ক্ষণিকের জন্য হয়ত কিছুটা কষ্ট হবে, কিছু মানুষের ক্ষতি করতে পারবে, কিন্তু এতে আপনারা ভয় পাবেন না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। এই দেশ তালেবান হবে না। বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ হিসেবে জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন।