ঠাকুরগাঁও সদর উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার দক্ষিণ রাজাগাঁও ইউনিয়নের রাস্তার পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ওই গ্রামের রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর লাশ এখানে এনে ফেলে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান, আনুমানিক ২৫-৩০ বছর বয়সী যুবকের পরনের প্যান্টটি এলিট টেইলার্স বালিয়াডাঙ্গি হতে সেলাই করা।
ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
