নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো অনেকে।
শনিবার সকাল ১০টার দিকে জংলী শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে ইয়াছিন (৭) , কুদ্দুছের মা মাজেদার নেছা (৫০), রায়পুরা উপজেলার বারৈচা গ্রামের সুন্দর আলীর মেয়ে জেরিন (৬), একই গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া (৪) , মা মালেকা খাতুন (৫০), রফিক মিয়ার ছেলে রাকিবুল (৮), আক্তারের ছেলে সম্রাট (৮), রফিক হোসেনের ছেলে রাব্বি (৬) , সুন্দর আলীর ছেলে জিনুক (৬) ও রবিউল্লাহর মেয়ে সুমাইয়া (৭) ।
IMG0
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গণিশাহ মাজারের উদ্দেশে একটি ইঞ্জিন চালিত নৌকা করে সকাল ১০টায় আশপাশের এলাকার অন্তত আড়াইশ গনিশাহ ভক্ত রওনা করে। নৌকার ধারণ ক্ষমতা অনুপাতে যাত্রী সংখ্যা অধিক হওয়ায় ঘাট থেকে নৌকা ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি নদীর মাঝখানে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
তবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
