ভুরুঙ্গামারীতে বন্যায় ৭ গ্রাম প্লাবিত

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৩:২০
ভুরুঙ্গামারীতে উজান থেকে নেমে আসা ঢল ও অব্যাহত বৃষ্টিতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। এরফলে ৭টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। 
 
কাজিয়ার চর, চর-তিলাই, নলেয়া, ইসলামপুর. পাইকডাঙ্গা, ভরতেরছড়া , গনাইরকুঠি গ্রাম প্লাবিত হয়। হঠাৎ করে পানি বৃদ্ধি ঘটায় অনেকের পাটের জাগ প্রবল স্রোতে ভেসে গেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠ পানিতে গেছে ডুবে। গবাদীপশু নিয়ে বিপাকে পড়েছে এলাকার মানুষ। 
 
এদিকে, ভরতেরছড়া ও গনাইরকুঠি গ্রামে নদীভাঙ্গন ও বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলেও অন্যসব এলাকায় এখনো ত্রাণ বিতরণ করা হয়নি। 
 
উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার রবিউল ইসলাম জানান, ইতিমধ্যে ৬০ হাজার টাকার চাল, তেল, মুড়ি, ডাল ও মোমবাতি বিতরণ করা হয়েছে। আরো ৫টন চাল পাওয়া গেছে যা বিতরণের অপেক্ষায় রয়েছে।