'বিশ্বের কোনো দেশের চেয়ে আমাদের মেধা কম নয়'

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৩:৫৯
 
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'আমাদের দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মেধা বিশ্বের কোনো দেশের চেয়ে কম নয়।' শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যে সরকারি কর্মকর্তা-কর্মচারী পদক নিলেন এটি তাদের মেধা, সৃষ্টিশীলতার মূল্যায়ন বলে মনে করি। তবে আমরা অনেকেই মনে করি- বিসিএস পাস করে সরকারি কর্মীরা মেধাহীন, তারা কিছু পারেন না! এই ভ্রান্ত ধারণা আমাদের সৃষ্টি হয়ে গেছে। তবে বিশ্বের কোনো দেশের চেয়ে আমাদের কর্মীদের মেধা কম নয়।
 
এ সময় সৈয়দ আশরাফ এমন একটি আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর উৎসাহের কথা উল্লেখ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনপ্রশাসন পদক-২০১৬’তে জাতীয় ও মাঠ পর্যায়ে যথাক্রমে ১৩ ও ১৭ জনকে পুরস্কার দেয়া হলো।
 
তিনি বলেন, আরেকজনের ভালো আমরা সহ্য করতে পারি না। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই পুরস্কার দেয়া হলো একটি ভালো উদ্যোগ। যা কাজে উন্নতি বাড়াবে।