আফগানিস্তানে অপহৃত ভারতের দাতব্য কর্মী উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৪:৪৭
 
অপহরণের এক মাস পর আফগানিস্তানের রাজধানী থেকে অপহৃত ভারতের দাতব্য একটি প্রতিষ্ঠানের কর্মীকে উদ্ধার করা হয়েছে। এক মাস আগে অস্ত্রের মুখে কাবুল থেকে তাকে অপহরণ করা হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিদেশি নাগরিকদের অপহরণের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা।
 
গত ৯ জুন রাতে কাবুলের কেন্দ্রস্থলে নিজ বাসার কাছ থেকে জুডিথ ডি’সুজাকে (৪০) অপহরণ করা হয়। তিনি নামকরা বেসরকারি সংস্থা (এনজিও) আগা খান ফাউন্ডেশনের কর্মী ছিলেন। এনজিওটি অনেক দিন ধরে আফগানিস্তানে কাজ করছে।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ শনিবার এক টুইট বার্তায় বলেন, 'আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জুডিথ ডি’সুজাকে উদ্ধার করা হয়েছে।' তিনি বলেন, 'ডি’সুজা আমাদের সঙ্গে আছেন। তিনি সুস্থ ও ভাল আছেন। আমি জুডিথের সঙ্গে কথা বলেছি। তিনি আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছাচ্ছেন।'
 
কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফ্রাদুন ওবাইদি বলেন, শুক্রবার এক অভিযান চালিয়ে ডি’সুজাকে উদ্ধার করা হয়। এর বেশি তিনি আর কিছু বলেননি।
 
ডি’সুজাকে কারা অপহরণ করেছিল সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু জানাননি। ডি’সুজার পরিবারের সদস্য জেরোমি ডি’সুজা শনিবার এক টুইটার বার্তায় বলেন, 'সরকার জুডিথকে উদ্ধার করেছে। আমাদের পরিবার খুব আনন্দিত। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা।' ডেইলি মেইল।