শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল হবে : পলক

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:০৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জঙ্গিরা যতই শক্তিশালী হোক, শেখ হাসিনার নেতৃত্বেই দেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল হবে।
 
শনিবার বেলা ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলা কৃষি ভবন হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে চলছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধে সরকার কাজ করছে। এরইমধ্যে প্রশাসনিক তৎপরতা ও সরকারের সচেতনামূলক প্রচারণায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।
 
তিনি আরো বলেন, দেশের বড় বড় ক্রান্তিকাল মোকাবিলা করেছে আওয়ামী লীগ। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বেই জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা হবে।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মিনহাজ উদ্দিন, আজাহারুল ইসলাম, মঈনুল হক।
 
এর আগে প্রতিমন্ত্রী পলক ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, বেশি করে ফল খান’স্লোগানে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কোর্ট মাঠে ছয় দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। দুপুরে গোলই আফরোজ কলেজে নবীন বরণ এবং উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে জঙ্গি প্রতিরোধ সমাবেশে যোগদান করেন।