কুড়িগ্রামের নাগেশ্বরীতে শনিবার সকালে কর্দমাক্ত রাস্তায় মই টেনে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। গত কয়েকদিনের বৃষ্টিতে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব সাঞ্জুয়ারভিটা গ্রামের বামনডাঙ্গা সেনপাড়া-নাগেশ্বরী বাজার রাস্তার সেনপাড়া ব্রিজ থেকে মরহুম মহসিন আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জল-কাদা মিশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পূর্ব সাঞ্জুয়ারভিটা, সেনপাড়া, অন্তাইপাড়, নগরবাড়ী ও পাটেশ্বরী গ্রামের প্রায় দুই সহস্রাধিক মানুষকে প্রতিদিনই এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে কাদা-মাটি মাড়িয়ে চলাচল করতে হয়। এ অবস্থায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
আশরাফ আলী, ইউনুছ আলী, লিটন মিয়া, শহিদুল ইসলামসহ স্থানীয়রা বলেন, আমরা নিয়মিত পৌরসভার সকল প্রকার ট্যাক্স পরিশোধ করি। দেরি হলেই নোটিস দেয়। অথচ পৌরসভার তেমন কোনো সুবিধা আমরা পাই না। এমনকি আমাদের চলাচলের প্রধান এ রাস্তাটি আজ পর্যন্ত পাকা করা হয়নি। তারা জানান, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করাসহ সকল প্রকার পৌর সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তা আর বাস্তবায়ন করে না।
৩ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন বলেন, আগামী শুকনো মৌসুমে রাস্তাটির কাজ করতে পারব বলে আশা করছি।
