কলকাতার চলচ্চিত্র ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের অনুমতি স্থগিত করে হাইকোর্ট দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত করায় বাংলাদেশে ঐ চলচ্চিত্র প্রদর্শনে আর কোনো বাধা থাকল না।
নীতিমালা অনুসরণ না করে আমদানি করা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনে স্থগিতাদেশ চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ জুলাই হাইকোর্ট রুলের পাশাপাশি চলচ্চিত্রটি প্রদর্শনে ছয় মাসের স্থগিতাদেশ দেয়।
এই আদেশ স্থগিত চেয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রবিবার শুনানি শেষে আদালত এই রায় দেয়।
কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘কেলোর কীর্তি’ সিনেমাটি গত ঈদুল ফিতরে ভারতে মুক্তি পায়। আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি ২২ জুলাই মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নীতিমালা অনুসরণ না করে চলচ্চিত্রটি প্রদর্শন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়।
