মুস্তাফিজের ইনজুরি : অবহেলা দেখছে না বিসিবি

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:৩১
 
আগের রাতে ঘটনা ঘটেছে। মুস্তাফিজুর রহমান যখন চোট পেয়েছেন, তখন বাংলাদেশে রাত ৯টাও বাজেনি; কিন্তু পরদিন সকাল অবদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সম্পর্কিত যাকেই জিজ্ঞাসা করা হোক। তিনি বলছেন, মুস্তাফিজের ইনজুরি সম্পর্কে কিছু জানেন না!
 
অন্য দিকে সাসেক্স টুইট করে জানিয়ে দিয়েছে, এই ম্যাচে ইনজুরি বিষয়ক সতর্কতার কারণে খেলছেন না মুস্তাফিজ। আবার তাদের একটি সূত্র জানাচ্ছে, তারা রাতেই বিসিবিকে ইনজুরির আপডেট জানিয়েছে!
 
দৃশ্যত এমন মনে করার কারণ আছে যে, বিসিবিই আসলে সাসেক্স থেকে পাওয়া খবরগুলো সেভাবে দেখছে না। বা তাদের সাথে মুস্তাফিজ বিষয়ে এই কাউন্টি দলটির যোগাযোগ হয় তো কম। এর পাশাপাশি মুস্তাফিজ পুরোনো চোটের জায়গাতেই নতুন করে ব্যথা টের পাচ্ছেন, এমন খবর পাওয়ার পর প্রশ্ন উঠলো, বিসিবি তাহলে তাকে ফিট না জেনেই অনাপত্তিপত্র দিয়েছিলো কি না! অবশ্য শেষ অবদি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দাবি করলেন, শুরু থেকেই তাদের ফিজিও সাসেক্সের সাথে যোগাযোগ রাখছিলেন। আর সুজন দাবি করলেন, তাদের তরফে কোনো গাফিলতি কোনো পর্যায়েই ছিলো না।
 
গত ২১ তারিখ সাসেক্সের হয়ে কাউন্টির টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলেন মুস্তাফিজ। সেখানে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচও হন। পরের দিনই সারের বিপক্ষে তিনিও অনুজ্জ্বল ছিলেন, সাসেক্সও ম্যাচে হেরেছে।
 
রবিবার বিকাল চারটেয় সাসেক্সের হয়েই খেলার কথা ছিলো কাউন্টি ওয়ানডে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ। তার আগের দিন স্থানীয় সময় বিকালে অনুশীলনে চোট পান মুস্তাফিজ। এই বাম কাঁধে আগে থেকেই চোট থাকায় আর ঝুঁকি নেয়নি সাসেক্স।
 
চোটের ব্যাপার নিশ্চিত করতে গিয়ে জালাল ইউনুস বিসিবিতে বসে বলেছেন, ‘ইতিমধ্যে সাসেক্সের ফিজিও দেখেছে। আমাদের ফিজিওর সঙ্গে কথা হয়েছে। আমাদের ফিজিও ওখানে পরামর্শ দিয়েছে। খুব সম্ভবত কালকে স্ক্যান করা হবে।’
 
বিসিবি শুরু থেকে ঘটনায় নজর রাখছিলো কি না, এ নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগই দেখছেন না প্রধান নির্বাহী। সুজন বলছিলেন, তারা কেবল এখান থেকে নজর রাখছেন, তা নয়; ইংল্যান্ডে অবস্থানরত ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালস্যাল সরাসরি তত্ত্বাবধান করছেন মুস্তাফিজের এই সফরটা, ‘ইনজুরির খবর পাওয়ার পর থেকে আমাদের ফিজিও কন্টিনিউয়াসলি সাসেক্সের ফিজিওর সাথে যোগাযোগ রেখেছেন। প্রতিটা পদক্ষেপে দুই পক্ষ পরস্পরের সাথে কথা বলেছে, করণীয় ঠিক করেছে। আমরা এটুকু জানতে পেরেছি যে, খুব গুরুতর ইনজুরি নয়। মুস্তাফিজকে নিয়ে অবহেলার প্রশ্নই আসে না। ওর টেক কেয়ারের ব্যাপারে আমাদের সাজেশনগুলো ওখানে জানানো হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে, আমাদের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালস্যাল এখন ইংল্যান্ডেই আছেন। তাকে অফিশিয়ালিই মুস্তাফিজের ব্যাপারটা দেখতে বলা আছে।’
 
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও দাবি করছেন, মুস্তাফিজ শতভাগ ফিট, এটা নিশ্চিত হয়ে, তবেই তারা বিসিবির কাছে সুপারিশ করেছেন, 'আপনারা জানেন যে, আইপিএল থেকে এসেই তার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিলো; কিন্তু আমাদের বিভিন্ন বিভাগে ওর নানারকম পরীক্ষা হয়েছে, রিহ্যাব হয়েছে, ওকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছে। তারপর নিশ্চিত হয়ে তাকে অনুমতি দেওয়া হয়েছে।'
 
ঠিক একই দাবি করলেন সুজনও, 'মুস্তাফিজ আমাদের ক্রিকেটের সম্পদ। শুধু মুস্তাফিজ নয়, কোনো ক্রিকেটারকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেই না, আপস করি না। মুস্তাফিজের ইংল্যান্ড যাওয়ার জন্য আমরা তখনই এনওসি দিয়েছি, যখন ও সবদিক থেকে ভ্রমণ করে ম্যাচ খেলার যোগ্য বলে প্রমাণ হয়েছে।'