জয়পুরহাটে চাতালের হাউজে পরে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১০:৩১
জয়পুরহাটের কালাইয়ে ধান সিদ্ধ ও শুকানোর কাজে ব্যবহৃত চাতালের হাউজে পরে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার শিমুলতলী মহল্লায় এ ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, কালাই পৌরসভার শিমুলতলী ছাইদুর রহমান চাতালের মালিক। সেখানে কর্মরত শ্রমিক মোশাররফ হোসেনের ২ বছরের শিশু কন্যা কবিতা বিকাল বেলা ওই চাতালে খেলাধুলা করছিল। এ সময় কবিতার বাবা ও মা চাতাল মালিকের ধানের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটি খেলা এক ফাঁকে সিঁড়ি বয়ে উপরে উঠলে পানি ও ধান ভর্তি হাউজে পড়ে যায়। পরে চাতালের কাজ শেষে শিশুটির বাবা-মা তাদের সন্তানকে অন্য ছেলে-মেয়ের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ওই চাতালের পানি ও ধান ভর্তি হাউজের কাছে গিয়ে খোঁজাখুঁজি করলে শিশুর ভাসমান দেহ দেখতে পায় তারা। স্থানীয় লোকজন ওই অবস্থায় শিশুকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরেফা আক্তার পপি শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।