কিছুদিন পরই শুরু বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অংশ নিতে ইতোমধ্যে অ্যাথলেটরা যেতে শুরু করেছে অলিম্পিক ভিলেজে। তবে ভিলেজ উদ্বোধন হতেই শুরু বিতর্কে। অব্যবস্থাপনার অভিযোগ এনে অলিম্পিক ভিলেজ বয়কট করেছে অস্ট্রেলিয়ার অলিম্পিক দল।
দলের টিম চিফ কিটি চিলার এ দিন বলেন, অলিম্পিক ভিলেজ বয়কট করছে অস্ট্রেলিয়া। কারণ রিও ভিলেজ নিরাপদ নয়, প্রস্তুতও নয়। অস্ট্রেলীয় অ্যাথলেটদের মূল সমস্যা, টয়লেটে পর্যাপ্ত পানির অভাব, পাইপ থেকে জল পড়া, ইলেকট্রিক তার বিপজ্জনক ভাবে বেরিয়ে থাকা, সিড়িতে আলোর অভাব এবং নোংরা মেঝে।’ কিটির দাবি, ঘরের মেঝেয় ইলেকট্রিক তার বেরিয়ে রয়েছে। যার চারপাশে সিলিং থেকে চুইয়ে পড়া জল জমা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘২১ জুলাই ভিলেজে ওঠার কথা ছিল। কিন্তু ভিলেজ নিরাপদ বা তৈরি, কোনওটাই নয়। গ্যাস, ইলেকট্রিসিটি, পানির ব্যবস্থা নিয়ে এত সমস্যা হচ্ছে যে, অস্ট্রেলীয় টিমের কোনও সদস্যকে আমি ওখানে থাকতে দিতে পারছি না’।
তার দাবি, নিউজিল্যান্ড ও ব্রিটেনের দলও এক সমস্যায় ভুগছে।
