রেকর্ড ছাড়িয়েছে আফগানিস্তানে হতাহতের সংখ্যা

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৬:৫৮
আফগানিস্তানে ২০১৬ সালের প্রথম ছয় মাসে বিভিন্ন হামলায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এখন জুনের শেষ পর্যন্ত দেশটিতে ১৬০১ জন নিহত হয়েছেন।
 
নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। দেশটিতে জঙ্গি গ্রুপগুলো হামলা জোরদার করায় এসব লোক হতাহত হয়।

আফগানিস্তানে জাতিসংঘ সহযোগিতা মিশন সোমবার জানায়, ‘এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আফগানিস্তানে এক হাজার ৬০১ জন বেসামরিক নাগরিক নিহত হন। এ সময়ের মধ্যে আরো তিন হাজার ৫৬৫ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ২০১৫ সালের প্রথম ছয় মাসের তুলনায় হতাহতের এই সংখ্যা চার শতাংশ বেশি।’
 
২০০৯ সাল থেকে আফগানিস্তানে হতাহতদের হিসাব রাখছে জাতিসংঘ। তাদের হিসাব মতে গত সাত বছরে দেশটিতে এক হাজার ৫০৯ শিশু নিহত হয়েছে। জঙ্গি সংগঠনের হামলা ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তারা মারা গেছে। দেশটিতে এতো শিশু মারা যাওয়ার ঘটনাকে 'আতঙ্কজনক ও লজ্জাকর' আখ্যা দিয়েছে সংস্থাটি। -গার্ডিয়ান অনলাইন