সাজা শেষেও বন্দী রাখার বিধান রেখে আইন হচ্ছে অস্ট্রেলিয়ায়

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:৩১
আরো কঠোর হচ্ছে অস্ট্রেলিয়ার সন্ত্রাসবিরোধী আইন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর বর্তমান আইনটিতে পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
 
প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটবে, তাদের ক্ষেত্রে শাস্তির মেয়াদ শেষ হলেও সমাজের নিরাপত্তার খাতিরে পুনরায় জেল হাজতে পাঠানো হবে। এতে পুনরায় অপরাধ করার ঝুঁকি কমে আসবে। আদালত পুরো প্রক্রিয়াটির তদারকি করবে এবং এক্ষেত্রে চিকিত্সা ও মানসিক বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এছাড়া আগে যেখানে ১৬ বছরকে কিশোর অপরাধ হিসেবে গণ্য করা হত সেটি দুই বছর কমিয়ে ১৪ বছর করা হয়েছে।
 
এদিকে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সরকার রাজ্য এবং আঞ্চলিক প্রশাসনের সঙ্গে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। টার্নবুল বলেছেন, বিশ্বে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাস এখন বাস্তব হুমকি। তাই আত্মতুষ্টি নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। সন্ত্রাস দমনের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সরকারের প্রধান লক্ষ্য, বলেন টার্নবুল। যৌন এবং মারাত্মক সহিংস অপরাধের ক্ষেত্রে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় সন্ত্রাসে দোষী অপরাধীদের অব্যাহত কারাবরণের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। 
 
অতিসত্ত্বর এ নিয়ে এটর্নী জেনারেল জর্জ ব্রান্ডিস রাজ্য এবং আঞ্চলিক এটর্নী জেনারেলদের সাথে বৈঠক করবেন। ব্রান্ডিস বলেন, জেলপ্রাপ্ত কোন অপরাধীকে যদি মনে হয় আবারো অপরাধ করতে পারেন, তাহলে তাকে হাজতেই রাখা হবে। সূত্র: বিবিসি