কুমিল্লায় ভেজাল পণ্যদ্রব্য উৎপাদনের দায়ে তিনটি শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্টদের এক বছর করে কারাদণ্ড এবং জরিমানার টাকা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে দণ্ডপ্রাপ্তদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, ভেজাল পণ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের খবর পেয়ে কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল রবিবার রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বিসিক শিল্পনগরীতে অভিযান চালায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই শিল্প নগরীর মিজান মাস্টার ওয়েল মিলের মালিক জাহাঙ্গীর আলম, টিপনি ফুট এন্ড বেভারেজ কোম্পানির ম্যানেজার মাহফুজ খাঁন এবং এ-১ কনজ্যুমার ফুড প্রডাক্টের মালিক মহিউদ্দিনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং জরিমানার টাকা অনাদায়ে তাদের প্রত্যেককে আরো ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করে।
