পাকিস্তানের কাছে হেরে যাওয়া প্রথম টেস্টের দাঁতভাঙ্গা জবাব দিল ইংল্যান্ড। প্রথম টেস্টে চারদিনে ৭৫ রানে পাকিস্তানের হারের জবাবে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ৩৩০ রানের জয় নিশ্চিত করেছে ইংলিশরা। এত বড় জয় খুব একটা উদযাপন করেনি ইংল্যান্ড। তবে বড় জয়ের তৃপ্তিতা ঠিকই ফুটে উঠেছে তাদের চোখে-মুখে।
শেষ ইনিংসে পাকিস্তানের লক্ষ্য ছিল ৫৬৫। এত বড় লক্ষ্য তাড়া করা ছিল অসম্ভব। তবে কিছু সময় টিকে থেকে ইংল্যান্ডকে দুশ্চিন্তায় হয়ত ফেলতে পারত পাকিস্তান। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে তা আর সম্ভব হয়নি। ২৩৪ রানেই গুটিয়ে যায় তারা।
আগের দিন বিকেলে ইংল্যান্ডের অগ্রগতি থামিয়েছিল বৃষ্টি। পাকিস্তানের হার বাঁচাতে পারত কেবল বৃষ্টিই। কিন্তু চতুর্থ দিনে ম্যানচেস্টারের আকাশে কালো মেঘ থাকলেও তা ঝরেনি জল হয়ে। ইংল্যান্ড কাজ সেরে নিয়েছে এক দিনেই।
দ্বিতীয় ইনিংসে ওয়ানডের গতিতে শুরু করা ইংল্যান্ড সোমবার সকালে ব্যাট করেছে টি-টোয়েন্টির গতিতে। এদিন ৯ ওভারে ৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেন কুক। ইংল্যান্ড অধিনায়ক নিজে অপরাজিত থাকেন ৭৮ বলে ৭৬ রানে। প্রথম ইনিংসে ২৫৪ রানের পর রুট এবার অপরাজিত ৪৮ বলে ৭১ রানে!
পাকিস্তানের ব্যাটসম্যানদের মাঝে দেখা যায়নি লড়াইয়ের তৃষ্ণা। মেঘলা আকাশের নিচে ছন্দ খুঁজে পান চোট কাটিয়ে ফেরা জেমস অ্যান্ডারসন। দ্রুতই ফিরিয়ে দেন শান মাসুদ ও আজহার আলিকে।
তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও ইউনুস খান যোগ করেন ৫৮ রান। ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি হয়ে থাকে সেটিই। হাফিজ-ইউনুসের পর অধিনায়ক মিসবাহও আউট হয়েছে থিতু হওয়ার পর। লেজের দিকে ওয়াহাব রিয়াজ, আমিরদের ব্যাটে ম্যাচ কেবল দীর্ঘায়িত হয়েছে খানিকটা।
ব্যাট হাতে পর্যাপ্ত সুযোগ না পাওয়া মঈন আলি ৩ উইকেট নিয়ে নিশ্চিত করেছেন জায়গা ধরে রাখা। আর 'ক্রিস ওকস এক্সপ্রেস' তো ছুটছেই। আগের টেস্টে ১১ উইকেট নিয়েও সয়েছিলেন পরাজয়ের বেদনা। এবার ম্যাচে ৭ উইকেটে হাসলেন জয়ের হাসি। শেষ উইকেট নিয়ে ম্যাচের ইতিও তার হাতেই।
দারুণ জয়ে ইংল্যান্ডের অস্বস্তির কাঁটা কেবল বেন স্টোকসের ইনজুরি। হাঁটুর অস্ত্রোপচারের পর এই টেস্টেই ফেরা অলরাউন্ডার মাঠ ছেড়েছেন বোলিংয়ের সময় চোট নিয়ে।
তৃতীয় টেস্টের আগে অবশ্য সময় আছে বেশ খানিকটা। ৩ আগস্ট তৃতীয় টেস্ট শুরু এজবাস্টনে। এর আগে পাকিস্তান ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উস্টারশায়ারের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৮৯/৮ (ইনিংস ঘোষণা)
পাকিস্তান ১ম ইনিংস: ১৯৮
ইংল্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ৯৮/১) ৩০ ওভারে ১৭৩/১ (কুক ৭৬*, হেলস ২৪, রুট ৭১*; আমির ১/৪৩, রাহাত ০/৫৪, ইয়াসির ০/৫৩, আজহার ০/২১)।
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৫৬৫) ৭০.৩ ওভারে ২৩৪ (হাফিজ ৪২, মাসুদ ১, আজহার ৮, ইউনুস ২৮, মিসবাহ ৩৫, শফিক ৩৯, সরফরাজ ৭, ইয়াসির ১০, ওয়াহাব ১৯, আমির ২৯, রাহাত ৮*; অ্যান্ডারসন ৩/৪১, ব্রড ০/৩৭, স্টোকস ০/২১, মঈন ৩/৮৮, ওকস ৩/৪১, রুট ১/০) ।
ফল: ইংল্যান্ড ৩৩০ রানে জয়ী
সিরিজ: চার ম্যাচ সিরিজের দুই টেস্ট শেষে ১-১
ম্যান অব দা ম্যাচ: জো রুট।
