বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় বাংলাদেশে জঙ্গি হামলায় মারা যাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে তাকে ডাকায় ধন্যবাদ জানান লেফটেনেন্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রমকে। গুলশানের হলিআর্টিজনে হওয়া সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোদের অপারেশনের প্রশংসা করে তিনি বলেন, সামরিক বাহিনী সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং আপনাদের এই কার্যক্রমকে আমি 'স্যালুট' জানাই। আপনাদের দেশের শান্তি রক্ষায় আপনারা কতটা বদ্ধপরিকর তা প্রমাণ করে এই অপারেশন।
এ সময় তিনি আবারো বলেন, আমাদের প্রধানমন্ত্রী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলায় বাংলাদেশের পাশে থেকে লড়াই করবে ভারত। ভারতের মানুষ আপনাদের সঙ্গে আছে।
বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের 'দ্য আর্মড ফোর্স ওয়ার' বিষয়ক শিক্ষার্থীদের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতিমালা, নিরাপত্তা বিষয়ক কৌশল এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করেন ভারতের হাই কমিশনার।
