সুস্মিতার নতুন মিউজিক ভিডিও ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৭:২৬
 
আগামী ২৮ জুলাই প্রকাশিত হচ্ছে শিল্পী সুস্মিতা আনিসের নতুন মিউজিক ভিডিও ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার ও গীতিকার মোহাম্মদ আসাফুদ্দৌলাহর কথা ও সুরে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
 
নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের ৯০তম জন্মদিনে তাকে স্মরণ করেই সুস্মিতা আনিস নিবেদন করেছেন ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’। ফিরোজা বেগমের উত্তরসূরি এবং ভাইজি সুস্মিতা আনিস মিউজিক ভিডিওটিতে তুলে ধরেছেন তাঁর ছেলেবেলার স্মৃতি।
 
হৃদয়গ্রাহী সুরে এই মৌলিক আধুনিক গানটি পাওয়া যাবে ইউটিউবসহ সকল অনলাইন চ্যানেলে। বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে ৮:৪৫ চ্যানেল আই-এ সর্বপ্রথম সম্প্রচার করা হবে মিউজিক ভিডিওটি। এছাড়া এই দিন চ্যানেল আই-এ সম্প্রচারিতব্য সুস্মিতা আনিসের একক সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ নিয়মিত অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির উপর আলোকপাত করবেন শিল্পী নিজে।
 
অনুষ্ঠানটিতে শিল্পীকে সঙ্গ দিচ্ছেন খ্যাতনামা তবলাবাদক সৈয়দ মেহের হোসেন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইয়ুসুফ আহমেদ খান। এছাড়াওএ-মাসেরই বিটিভি-তে সম্প্রচারিত হবে সুস্মিতা আনিসের ফুপা ভারতীয় উপমহাদেশে বরেন্য সুরকার কমল দাসগুপ্ত স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক বাক্তিত্ব কামাল লোহানীর প্রন্থনায় ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে গাইছেন সুস্মিতা আনিস।
 
সুস্মিতা আনিস মূলত নজরুল সঙ্গীত শিল্পী। তবে আধুনিক বাংলা গান সহ অন্যান্য গানেও তিনি সমান পারদর্শী। এই পর্যন্ত তাঁর পাঁচটি অডিও সিডি অ্যালবাম ও একটি ভিডিও সিডি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’, অডিও সিডি অ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’, ‘আ ট্রিবিউট টু কমল দাসগুপ্ত’ ‘চাঁদ হেরিছে চাঁদমুখ তার’ ‘সেই গান সেই সুর’, ‘ইচ্ছে নুপুর’, ‘মেমোয়ের ফিরোজা বেগম’, ‘বাশের বাঁশি’ ও ‘এমনই বরষা ছিল সেদিন’।
 
IMG0
 
সুস্মিতা আনিসের নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে তার গানের সবক’টি মিউজিক ভিডিও। তার নিজস্ব ওয়েবসাইটে রয়েছে তার সঙ্গীত জীবনের সব তথ্য, ছবি, এবং তার গাওয়া সবক’টি গান। তার ফেসবুকে ফ্যানপেজে পাওয়া যাবে সম্প্রতি সঙ্গীত নিয়ে তার সকল কর্মকাণ্ডের খবর। বাংলাদেশ এবং ভারতের যে কোন মোবাইল অপারেটর থেকে ডাউনলোড করাযাবে তার গাওয়া সবক’টি গানের রিংটোন।
 
তার সঙ্গীত গুরু ফিরোজা বেগম স্মরণে তার নিজস্ব ওয়েবসাইটে সুস্মিতা আনিস চালু করেছেন ‘ফিরোজা বেগম আর্কাইভ’। সুস্মিতা আনিস এই মহান শিল্পীর সম্মানার্থে ডিজিটাল আর্কাইভটি চালু করেছেন যাতে করে পৃথিবীজুড়ে সঙ্গিতপ্রেমী সকলে যে কোন সময়ে যে কোন স্থান থেকে ফিরোজা বেগম সম্পর্কে জানতে পারেন তার দুষ্প্রাপ্য স্মারক সমূহের সংস্পর্শে আসতে পারেন।
 
সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শিশুশিল্পী হিসেবে গান করেছেন এবং ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’-তে নজরুল সঙ্গীতে প্রথম পুরস্কার লাভ করেন।  তার প্রথম তিনটি অ্যালবাম প্রকাশিত হয় ফিরোজা বেগমের সঙ্গীত পরিচালনায়। সমসাময়িক বাংলা গানের তার একক অ্যালবামটি এরপর প্রকাশিত হয়। তার পঞ্চম নজরুল সঙ্গীতের অ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’/'সাউন্ড অব সিজন্স' প্রকাশিত হয় ২০১৫ সালে।
 
সুস্মিতা আনিস যুক্তরাষ্টে গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করেন। পড়ালেখা শেষে তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করতে থাকেন। ব্যবসায় ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে ২০০৯ সালে তিনি দেশে ফিরে আসেন। তবে তিনি কোনো ভাবেই গানের রেওয়াজ বন্ধ রাখেননি এবং ফিরোজা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত তার কাছ তালিম গ্রহণ করেন।