ট্রাম্পকে ভোট দেবেন ওবামার সৎ ভাই

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৭:৫১
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কেনীয় বংশোদ্ভূত সৎভাই মালিক ওবামা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। তিনি বলেন, তিনি কেনীয় পরিবারের প্রতি তার ভাইয়ের অবহেলায় হতাশ।
 
বারাক ওবামা হাওয়াইতে এক আমেরিকান মা ও এক কেনীয় বাবার ঘরে জন্ম নেন। কেনিয়ার পশ্চিমাঞ্চলের কোগেলু গ্রাম থেকে মালিক ওবামা বলেন, ‘ট্রাম্প সত্যিই একজন ঠাণ্ডা প্রকৃতির মানুষ। আমি তাকে খুব পছন্দ করি কারণ তিনি মন খুলে কথা বলেন। তিনি মাটির মানুষ।  তিনি বলেন, ট্রাম্প নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তিনি একটি মহান আমেরিকা গড়তে চান। মালিক ওবামা কেনিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং ১৯৮০’র দশক থেকে তিনি মার্কিন নির্বাচনে ভোট দিচ্ছেন।
 
তিনি বলেন, ট্রাম্প মন থেকে সবকিছু বলেন এবং আপনারা দেখবেন, তিনি যা বলেন তাতে তিনি সৎ থাকেন। তিনি যা ভাবেন তাই তিনি বলেন। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর ওবামা প্রথমবারের মত কেনিয়া যান। তবে তিনি কোগেলুতে যাননি। এ গ্রামে তার বাবার কবর রয়েছে।
 
মালিক ওবামা বলেন, তিনি মনে করেন, তার সৎ ভাই কেনিয়ায় তার পরিবারের জন্য অনেক কিছু করতে পারেন। তিনি হেসে বলেন, আমি এখনও ভাইকে ভালবাসি। এটা এখনও আমাকে কষ্ট দেয় যে, তিনি যখন কেনিয়া আসেন তখন আমাদের বলা হল, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে পরিবারের সঙ্গে বেশি মাখামাখি করতে পারছেন না। তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবেন। এটার আসলে কোন অর্থ হয় না।
 
মালিক ওবামা বলেন, এই সময় তাকে আমাদের বেশি প্রয়োজন। তিনি যখন হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যাবেন তখন নয়। তিনি এও বলেন, তার ভাইয়ের কাছ থেকে কেনিয়ার অনেক সুবিধা পাওয়া উচিত। এএফপি।