জঙ্গিবাদের অভিযোগে ইডেনের পাঁচ ছাত্রী রিমান্ডে

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৮:৪৯
জঙ্গিবাদের অভিযোগে গ্রেফতার ইডেন কলেজের পাঁচ ছাত্রীকে তিনদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।  মঙ্গলবার শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার তিন দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
 
এর আগে ঢাকার মহানগর আদালতে লালবাগ থানার উপপরিদর্শক মিজানুর রহমান গ্রেফতার ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
 
সোমবার ইডেন কলেজের হোস্টেল থেকে জঙ্গিযোগের অভিযোগে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন লালবাগ থানার উপপরিদর্শক মিজানুর রহমান।
 
আটককৃত ছাত্রীরা হলেন ইডেন কলেজের রসায়ন বিভাগের ছাত্রী সাবিহা আফরিন সীমা (২৩), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী মোসাম্মত উম্মে সালমা রুমা (২৩), সমাজকর্ম বিভাগের ছাত্রী মাকসুদা খাতুন (২২), ইংরেজি বিভাগের ছাত্রী নাসরিন সুলতানা (২৪) এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ফৌজি আক্তার (২২)।