আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও সফলতার সঙ্গে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী’ এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জঙ্গিদের নির্মূল করতে সক্ষম হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় হামলার মূল পরিকল্পনাকারীদের গোয়েন্দারা ইতিমধ্যেই চিহ্নিত করেছে। আশা করি, অচিরেই তাদের গ্রেফতার করা হবে। যারা এ ঘটনাগুলোর অর্থ যোগানদাতা তাদেরও গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। আমি দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও স্বাধীনতার পক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানাবো- আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করুন।’
তিনি জঙ্গিবিরোধী এ ধরনের সমাবেশ আয়োজন করার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
হাছান মাহমুদ বলেন, ‘দেশে কোন আইএস নেই- সরকারের এমন বক্তব্যের পরও বিএনপি বারবার প্রতিষ্ঠিত করতে চেয়েছে-দেশে আইএস আছে। অথচ সোমবার মার্কিন রাষ্ট্রদূতও স্বীকার করেছেন, কোন বিদেশি নয়, দেশীয় জঙ্গিরা হামলা চালাচ্ছে।’
জঙ্গিদের জামায়াত-শিবিরের প্রেতাত্মা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আগে তারা আল্লাহু আকবর মানুষের হাতে-পায়ের রগ কাটতো। আর এখন মানুষের গলায় ছুরি চালাচ্ছে। যারা মানুষ হত্যা করে শর্টকার্টে বেহেশতে যাওয়ার শিক্ষা দিচ্ছে তারা ইসলামের অন্যতম প্রধান শত্রু।
হাছান মাহমুদ আরো বলেন, আদালত তারেক রহমানের দুর্নীতি মামলার রায় দেয়ার পরে তাকে বাঁচাতে রায়ের বিরুদ্ধে গিয়ে বিএনপি এখন হরতাল, বিক্ষোভ মিছিল করছে এমনকি সরকার হটানোরও হুমকি দিচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তারা যে জাতীয় ঐক্যের কথা বলেছিল তা বেমালুম ভুলে গেছে। দেশের স্বার্থ নয় একজন দুর্নীতিবাজ বিশ্বচোরকে বাঁচানোই বিএনপির এখন মূল এজেন্ডা।
সংগঠনের সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) হেলাল মোরশেদ, এমএ করিমসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা।
