যশোরে বিএনপি নেতাসহ তিনজন কারাগারে

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২২:২৭
পুলিশের দায়ের করা দুটি মামলায় যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনিসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে যশোর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তারা আত্মসমর্পণ করলে বিচারক বুলবুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
 
বিএনপি নেতা মুনির আহমেদ সিদ্দিকীর আইনজীবী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ২০১৫ সালে নাশকতা সৃষ্টির অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় মুনির আহমেদ সিদ্দিকীসহ দলের বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। মামলা দুটিতে বিএনপি নেতা মুনির আহমেদ সিদ্দিকী, যুবদল নেতা বদিউজ্জামান ধনি, বুলবুল চৌধূরী জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।