ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র-ধারালো অস্ত্র-ইয়াবা-ইয়াবা বিক্রির নগদ টাকা-জালনোট জব্দ করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটকরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবাইল এলাকার মো. রবিন (২৪), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল মো. হালিম (৩৮) ও একই গ্রামের মো. রাজিব হোসেন (২২)। এদের মধ্যে রবিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলায় পরোয়ানার আসামি।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে ইকুরিয়া বিআরটিএ অফিস এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে একটি মোটরসাইকেলকে সন্দেহবশত থামিয়ে তিন আরোহীর দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি চাইনিজ কুড়াল, ৭২৫০টি ইয়াবা, এক হাজার টাকার পাঁচটি জালনোট, একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল ও মাদক বিক্রির দুই লাখ ৩৪ হাজার ৭৯০ টাকা পাওয়া যায়।
র্যাব-১০-এর কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর এ এইচ এম মহিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১২টার দিকে পৃথক তিনটি মামলা দিয়ে তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
