জয়-মিনারের গান ‘জানি কিছুই হয় না আমার’

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৭:৩৮
কাছাকাছি ধারা নিয়ে লম্বা সময় ধরে সংগীতের পথে চলেছেন জয় শাহরিয়ার ও মিনার । দুই জনের ব্যক্তিগত সম্পর্কও বেশ, বন্ধুত্বপূর্ণ। 
 
অথচ গেল এক যুগেও কেউ কারও সঙ্গে গান করেননি। বাঁধেননি একে অপরের কথা-সুরে। এবার সেই অপূর্ণতা পূর্ণ হলো। জয়ের সুর-সংগীতে গাইলেন মিনার।  গানের কথাটি এমন- ‘জানি কিছুই হয় না আমার/ পদে পদে শতেক ভুল’। লিখেছেন মাহমুদ মানজুর। সোমবার রাতে এটি রেকর্ড হয়েছে স্টুডিও আজব রেকর্ডস-এ। ঈদ উল আজহায় গানটি স্থান পাচ্ছে সিএমভি-র ব্যানার থেকে প্রকাশিতব্য বিশেষ একটি প্রজেক্টে।
 
জয় বলেন, মিনার আমার খুব পছন্দের শিল্পী-গীতিকবি। বিষয়টি একটু বিস্ময়কর হলেও এটাই আমাদের প্রথম কাজ। এতদিন আমরা শুধু আড্ডাই দিয়েছি, গান আর করা হয়নি। এবার সেটা হলো মাহমুদ মানজুরের কথার সূত্র ধরে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
 
এদিকে মিনার বলেন, এই সংগীত শহরে জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন ভাই। মিউজিক নিয়ে আমাদের আলোচনা অসীম। ভাবতে অবাক লাগে, আমরা এতগুলো বছর কোনও গান করিনি একসঙ্গে। এবার সেটি হয়ে গেল। আশা করছি গানটি সবার ভালো লাগবে।