কলকাতার ২৪ ঘন্টা চ্যানেলের আড্ডায় শাকিব খান

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৮:০৭
 
দেশীয় চলচ্চিত্রে আমাদের দেশের একাধিক তারকা যৌথ প্রযোজনার ছবিতে কাজ করলেও শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান খানিক দেরিতেই এ পথে হাঁটা শুরু করেন। অবশেষে গেল ঈদে যৌথ প্রযোজনার ছবিতে নাম লেখালেন তিনি।
 তবে যৌথ প্রযোজনার প্রথম ছবিতেই চমক দেখালেন শাকিব খান। এ যাবত্ কালের সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে রেকর্ড গড়তে চলেছে ছবিটি। এর আগে মাত্র কয়েকঘন্টার ক্যাম্পেইনে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। এবারে শাকিব খান কলকাতা গেলেন ওপার বাংলার  ক্যাম্পেইনে। সেই ক্যাম্পেইনেই দুদিন আগে কলকাতার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ২৪ ঘন্টার সাক্ষাত্কারে অংশ নিলেন শাকিব খান।
 
IMG0
মুঠোফোনে শাকিব খান ইত্তেফাককে বলেন, ‘বেশ কিছু জায়গা এখানে ক্যাম্পেইন করেছি। এই বাংলায় আমার ভক্ত আছে জানতাম। কিন্তু এই পরিমান ভক্ত- মাঠভর্তি ৫০ হাজারেরও বেশি ভক্ত হবে বুঝিনি। কলকাতার বেশ কিছু মিডিয়ার সাথেই কথা বললাম। দুই বাংলার এই যৌথ চলচ্চিত্রে যৌথ ভালোবাসা নিয়েও কথা বলেছি। একজন বাংলাদেশি তারকা হিসেবে আমাদের ফিল্ম ইন্ডাষ্ট্রির ডেভেলপমেন্ট নিয়েই কথা বলেছি।’
কলকাতার ২৪ ঘন্টা চ্যানেলের বক্স অফিস’ নামের অনুষ্ঠানের আড্ডায় অংশ নেন শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। বক্স অফিসে সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনুষ্ঠানের অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সবমিলিয়ে খুব ভালো একটি আড্ডা হয়েছে।’
অনুষ্ঠানটি আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩ টায় প্রচার হবে।

উল্লেখ্য, আগামী ১২ আগস্ট কলকাতাসহ ভারতের বেশ কিছু প্রদেশে মুক্তি পাবে শাকিব খানের ছবি ‘শিকারী’।