বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসির জন্যই বার্সেলোনার হয়ে ভালো খেলেন বলে জানালেন তার সতীর্থ আরেক তারকা খেলোয়াড় ব্রাজিল অধিনায়ক নেইমার। শুধুমাত্র তিনি নন, ক্লাবের সকলেই মেসির জন্য বার্সাতে ভালো খেলে থাকেন বলে জানান নেইমার, মেসি বিশ্বসেরা খেলোয়াড়। বার্সেলোনায় আমি এবং আমরা সবাই মেসির জন্যই খেলি।
গত বিশ্বকাপ ও কোপা আমেরিকার পর অলিম্পিকের মত বড় আসরে খেলতে নামছে ব্রাজিল। এবারের অলিম্পিক অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরোতে। তাই স্বাগতিক হিসেবে ব্রাজিলের উপর চাপটাই বেশি। কিন্তু দলের উপর কোন চাপ আছে বলে মানতে নারাজ ব্রাজিলের অধিনায়ক নেইমার। তিনি বলেন, ‘চাপ ফুটবলেরই অংশ। চাপ থাকবেই। চাপ নিয়েই খেলতে হয় সবসময়।
তবে এই চাপ সামলানোর টোটকাটা মেসির কাছ থেকেই নিতে চান নেইমার। মেসি উদাহরণ টেনে এনে তিনি বলেন, বার্সাতে মেসির উপর অনেক চাপ থাকে। তারপরও সকল চাপ সামলে ওঠেন মেসি। কেউ কি অস্বীকার করবে যে আমরা সেখানে মেসির জন্য খেলি না? অবশ্যই আমরা সবাই মেসির জন্য খেলি। আমরা বার্সেলোনাতে মেসির উপর নির্ভরশীল।
মেসির জন্য খেলা বা মেসির উপর নির্ভরশীলতা নিয়ে তার নিজের কোন লজ্জা নেই বলে জানালেন নেইমার, আমি মেসির জন্য খেলি, এমন কথা বলতে আমার কোন লজ্জা নেই। কারণ বিশ্ব সেরা খেলোয়াড়ের জন্য খেলতে কারও কোন লজ্জা থাকা উচিত নয়। এছাড়া আমরা সবাই মেসির পারফরমেন্সের দিকে চেয়ে থাকি। তার উপর নির্ভরশীল আমরা।
রিও অলিম্পিকে দলের পারফরমেন্স নিয়েও কথা বলেন নেইমার, ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। কোন কিছুতেই আমি ভয় করি না। ভয় জয়ের আসল ইচ্ছাটাই নষ্ট করে দেয়। তাই ভয়হীনভাবেই আমরা মাঠে খেলবো।
