গাজীপুর আইনজীবী সমিতি ভবনে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর বোমা হামলার মামলার ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ২৮ জুলাই রায় ঘোষণার জন্য দিন ধার্য করে আদালত।
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ২ নম্বর হলরুমে বোমা হামলা চালায় জেএমবির সদস্যরা। এই হামলায় চার আইনজীবীসহ ৮ জন নিহত হন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে জেএমবির সদস্য আসাদ ওরফে জিয়া। ঘটনার দিনই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার এজাহারে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানীসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ২০০৭ সালের ৪ জুলাই ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই মামলায় ৭০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহন করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। সাক্ষীদের জেরা ও যুক্তিতর্ক শেষে ২০১৩ সালের ২০ জুন বিচারিক আদালত ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেএমবির সদস্য এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান আরিফ ওরফে আকাশ ওরফে হাসিব, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি, তৈয়বুর রহমান ওরফে হাসান, মো. আশরাফুল ইসলাম ওরফে আরশাদ ওরফে আব্বাস খান, মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।
মৃত্যুদণ্ডের এই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি কারাগারে থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১০ আসামি রায়ের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন। গত মে মাসে মামলাটি শুনানির জন্য সংশ্লিষ্ট ডেথ রেফারেন্স শাখা থেকে হাইকোর্টে পাঠানো হয়। এরপরই গত ১৩ জুলাই এই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান এবং আসামিপক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন, আফজাল এইচ খান ও মো. হেলাল উদ্দিন মোল্লা শুনানি করেন।
