শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের বিভিন্ন জেলাস্থ 'বিসিক শিল্প নগরী'তে দীর্ঘদিন খালি পড়ে থাকা প্লটগুলোর বরাদ্দ বাতিলের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, 'বিসিক শিল্পনগরীগুলোতে কোনো কোনো উদ্যোক্তা প্লট বরাদ্দ নেয়ার পরও শিল্প স্থাপন না করায় প্রকৃত উদ্যোক্তারা প্লটের অভাবে শিল্প-কারখানা স্থাপন করতে পারছেন না। এতে করে শিল্পায়নের অভীষ্ট লক্ষ্য অর্জন ব্যর্থ হচ্ছে। তাই এ বিষয়ে জেলা প্রশাসকদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।'
আমির হোসেন আমু, শিল্প স্থাপনে ব্যর্থ উদ্যোক্তাদের প্লট বাতিল করে ওইসব প্লট নতুন শিল্পোদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট জেলার ডিসিদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
তিনি বুধবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম অধিবেশনে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, 'রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন বাড়াতে মাড়াই মৌসুমে চাষিরা যাতে চিনিকলে পর্যাপ্ত পরিমাণে আখ সরবরাহ করে সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।'
একই সাথে চিনিকল জোনে পাওয়ার ক্রাসারের মাধ্যমে অবৈধভাবে গুঁড় তৈরি বন্ধ করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের জন্য জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ এবং চিনিকলের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খবর- বাসস।
