জেলেদের কাছ থেকে মাছ ও অন্যান্য সম্পদ ছিনিয়ে নেয়া সুন্দরবনের জলদস্যু `মনা বাহিনী'র ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
তাদের কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড গুলি ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে নগরীর লবণচরাস্থ র্যাব-৬ খুলনার সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার ভোর রাতে র্যাব সদস্যরা সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারির পার্শ্ববর্তী বানিশান্তা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামের মৃত আদু সরদারের ছেলে ও জলদস্যু মনা বাহিনীর প্রধান মনা সরদারের বড় ভাই খোকন সরদার (৪০), একই গ্রামের আবুল বেপারীর ছেলে আলমগীর বেপারী (৪০), মৃত জব্বার গাজীর ছেলে সাহেব আলী গাজী (৪৩) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের মৃত নওয়াব আলী মোড়লের ছেলে শহর আলী (৪০)।
