বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, গুলশানে ক্রেতা নেই, হাহাকার চলছে। আসলে ঈদের পর অনেক ব্যবসায়ী ১০ থেকে ১৫ দিন দোকানপাট বন্ধই রাখেন। তাঁরা গ্রামের বাড়ি যান। এ ছাড়া জুলাই-আগস্ট মাস বিদেশে অবকাশযাপনের সময়। এ সময়ে বিদেশিরা কমই আসেন। তাই বিদেশি ক্রেতা কম হতে পারে। সবাই চলে যাচ্ছেন বলে যে বক্তব্য দিয়ে লেখালেখি চলছে, তা ঠিক নয়।’
বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ ঘটনার পর সবাই দলমত-নির্বিশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। সবাই জঙ্গিদের বিরুদ্ধে কথা বলছেন। এক লাখ আলেম বিবৃতি দিয়েছেন।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘হলি আর্টিজানের মতো সন্ত্রাসী হামলার মুখোমুখি আমরা আগে কখনো হইনি। বিশ্ববাসী অবাক হয়ে দেখল, কী শক্ত হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতির মোকাবিলা করেছেন।’
