বনবিভাগের বেদখল জমি উদ্ধারে পরিকল্পনা গ্রহণ

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৯:৫৩
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বনবিভাগের বেদখল হওয়া জমি উদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় তাগিদ দেয়া হয়। কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহইয়া চৌধুরী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর দূষণ সংক্রান্ত এবং গাজীপুর অবৈধভাবে বন বিভাগের জমি দখলকারীদের পূর্ণাঙ্গ তালিকা দাখিল ও এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
কর্ণফুলী নদীর দূষণ রোধকল্পে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পৃথক দু'টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।
 
সভায় সমগ্র বাংলাদেশে বন বিভাগের বেদখলকৃত ভূমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারে একটি সময়োপযোগী সমন্বিত পরিকল্পনা প্রণয়নের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।
 
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। খবর- বাসস।