জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নির্বাচিত জনপ্রতিনিধি সমন্বয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ এ কথা বলেন। সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানান এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসকগণ নতুন সার্কিট হাউজ নির্মাণ, লোকবল নিয়োগ, পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় পদায়নকৃত কর্মকর্তাদের বিশেষ প্রণোদনা প্রদান, গাড়ি সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী এসব সমস্যার সমাধানে আশ্বাস দেন।
এ সময়ে মন্ত্রী শত প্রতিকূলতা সত্ত্বেও জেলা প্রশাসকগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তাদের ধন্যবাদ জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। খবর- বাসস।
