চলছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদের উপনির্বাচন।
শুক্রবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। দুপুরে জুমার নামাজ ও খাবারের বিরতি থাকবে এক ঘণ্টা।
এবার বিএফইউজে নির্বাচনে ঢাকাসহ সারা দেশের প্রায় চার হাজার সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার এবং চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিএফইউজের উপনির্বাচনে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএফইউজের প্রাক্তন সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী (সিইও) মনজুরুল আহসান বুলবুল, সংগঠনের প্রাক্তন মহাসচিব দ্য ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী।
তিন সভাপতি প্রার্থীর মধ্যে মনজুরুল আহসান বুলবুল বিএফইউজের দুইবার সভাপতি ও তিনবার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল জলিল ভূঁইয়াও বিএফইউজের দুইবার মহাসচিবসহ সাংবাদিকতা পেশার মানোন্নয়নে মাঠে রয়েছেন। অশোক চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের। এ ছাড়া বেশ কয়েকজন সাংবাদিক তাকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সহযোগিতা করছেন। ভোট গ্রহণ শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গণনা শেষে বিজয়ীর নাম আজ রাতেই ঘোষণা করা হবে বলে জানা গেছে।
২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাই সংগঠনটির সভাপতি পদে উপনির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়। যেখানে ২৯ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
