শ্রীলঙ্কার নতুন ফিল্ডিং কোচ পথাস

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৮:০৭
দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিক পথাসকে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির ক্রিকেট বোর্ড একথা জানায়।
 
পথাসের নিয়োগের বিষয়ে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন গত চার-পাঁচ বছর যাবত জাতীয় দলের ফিল্ডিংয়ের মান নিচে নেমে গেছে এবং এ থেকে উত্তরণের জন্যই পথাসকে নিয়োগ দেয়া হয়েছে।
 
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘কয়েকটি বিষয় পর্যালোচনা করে দেখা গেছে আমাদের ব্যাটিং বোলিং উন্নতি হচ্ছে কিন্তু ফিল্ডিংয়ের মান ক্রমশ খারাপ হচ্ছে। দলের সাপোর্টিং স্টাফ হিসেবে পথাস এর যোগদান এ অবস্থা থেকে উত্তরণ ঘটাবে। আমরা সব সময়ই সেরা ব্যক্তিকে আমাদের জাতীয় দলের সাপোর্টিং স্টাফ হিসেবে নিয়োগদানে বিশ্বাসী এবং তার নিয়োগদান এমনই পদক্ষেপ।’
 
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০০ সালে মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন পথাস। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাম্পশায়ারের এ খেলোয়াড় ২১৮ ম্যাচে ১১ হাজার রান করেছেন। ডিসমিজাল করেছেন ৬৫৯টি।