বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে সুযোগ পেয়েছেন সিদ্দিকুর রহমান। তবে অলিম্পিক যাত্রার আগে প্রস্তুতিটা ভালো হল না দেশসেরা গলফারের। থাইল্যান্ডের কিংস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন তিনি।
সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১২ জনের সঙ্গে ১৯তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পাঁচটি বোগি ও একটি ডাবল বোগি করে অনেক পিছিয়ে যান সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে ১১২তম স্থানে থেকে বিদায় নেন তিনি।
আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হবে অলিম্পিক। বাংলাদেশের পক্ষ থেকে অলিম্পিকে সরাসরি খেলবেন সিদ্দিকুর।
