৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাপোলি থেকে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। সিরিআ’র সফলতম দলে এসে হিগুয়েন জানালেন, ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় আলেসান্দ্র দেল পিয়েরো তার অনুপ্রেরণা। তাকেই অনুসরণ করার কথা জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
হিগুয়েন বলেন, ‘দেল পিয়েরো এমন একজন ফুটবলার ছিলেন, যার খেলা আমি সব সময় উপভোগ করতাম। আমার ক্যারিয়ারে তিনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।’
জুভিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেন হিগুয়েন। যেখানে ক্লাব আইকন দেল পিয়েরোকেই তিনি আইডল হিসেবে মানেন। কিংবদন্তি পিয়েরো তুরিনে ১৯ বছর খেলে প্রচুর সফলতা পেয়েছিলেন।
এদিকে জুভেন্টাসেই খেলে আরেক আর্জেন্টাইন তরুণ তারকা স্ট্রাইকার পাওলো দিবালা। এ প্রসঙ্গে দিবালা বলেন, ‘জাতীয় দলেই আমার সঙ্গে তার সাক্ষাত হয়েছে। সেখান থেকেই আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে।’
