মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র: স্থগিত নয়, সময় বেড়েছে

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৭:০৬
 
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দরপত্র প্রক্রিয়া আপাতত বন্ধ থাকার খবর জাপানি গণমাধ্যমে এলেও তা নাকচ করে প্রকল্পটি বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বলছে, স্থগিত নয়, দরপ্রস্তাব জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে।
 
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম বলেছেন, ‘স্থগিত না, সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানো, এটা নরম্যাল প্রসিডিউর। এই পরিস্থিতিতে তারা বলেছে, সময় দিতে হবে। একমাস সময় দিয়েছি। ২৪ জুলাই ছিল, এটা বাড়িয়ে ২৪ আগস্ট করেছি। এটা স্থগিতের কিছু বিষয় না।’
 
জাপানি অর্থ সহায়তায় বাংলাদেশের অন্যতম বড় এই প্রকল্পের দরপত্রে জাপানের তোশিবা করপোরেশন ও মিতসুবিসি হিতাচি পাওয়ার সিস্টেম লিমিটেড অংশ নেবে বলে আশা করা হচ্ছে। জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকার দরপত্র প্রক্রিয়া স্থগিত করেছে।
 
গত বছরের আগস্টে মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ‘অত্যাধুনিক’ ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৩৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে সরকার। কয়লা ওঠা-নামার জন্য বিদ্যুৎকেন্দ্রের সঙ্গেই একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়টিও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।