টেস্ট ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের মত ম্যাচ জয়ের স্বাদ পেলো স্বাগতিক শ্রীলংকা। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে বর্তমানে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ১০৬ রানে হাানয়েছে লঙ্কানরা।
ফলে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যে ৩৩ বছরের ইতিহাসে টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বারের মত জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। ১৯৯৯ সালে অসিদের বিপক্ষে ক্যান্ডিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিয়েছিল তারা।
জয়ের জন্য ম্যাচের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার সামনে ২৬৮ রানের টার্গেট দেয় শ্রীলংকা। সেই লক্ষ্যে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৮৩ রান তুলেছিলো অসিরা। ফলে পঞ্চম দিনে ম্যাচ জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন পড়ে ১৮৫ রান। আর স্বাগতিকদের দরকার পড়ে ৭ উইকেট।
এমন সমীকরণে ম্যাচ জয়ের স্বপ্নই দেখছিলো শ্রীলঙ্কা। কারণ পঞ্চম দিনের পিচ স্পিন-বান্ধব হয়ে পড়ে। তাই দলের তিন স্পিনারদের দিয়ে অস্ট্রেলিয়াকে বধের পরিকল্পনাও সাজিয়ে ফেলে স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে দারুনভাবে কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে উপমহাদেশের দলটি।
লঙ্কানদের স্পিন-ঘূর্ণিতে শেষ ৭ উইকেটে মাত্র ৭৮ রান যোগ করতে পারে অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে ম্যাচ হারের স্বাদ পায় সফরকারীরা। অসিদের ইনিংসের মেরুদন্ডটা ভেঙ্গেছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। গতকাল ১ উইকেট নেয়া রঙ্গনা আজ আরও ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারে ২৪তম বারের মত ৫ বা ততোধিক উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন। এছাড়া তরুন তুর্কী লক্ষণ সান্দাকান নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করার চেষ্টা করেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, মিচেল মার্শ ও স্টিভ ও’কেফি। ১২৫ বলে ৫৫ রান করেন স্মিথ। আর মিচেলের ব্যাট থেকে আসে ২৫ রান। ৫৭তম ওভারে ১৫৭ রানে অষ্টম উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তে পৌছে যায় অস্ট্রেলিয়া।
কিন্তু খুব সহজেই লংকাকে জয়ের স্বাদ পেতে দেননি ও’কেফি। ১০ নম্বরে ব্যাট হাতে নেমে ৯৮ বল মোকাবেলা করে ৪ রান করেন তিনি। আর এই ও’কেফিকে বোল্ড করে শ্রীলংকাকে স্মরণীয় জয় এনে দেন হেরাথ। ম্যাচের সেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করা কুশাল মেন্ডিস।
গল-এ আগামী ৪ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট এবং কলম্বোতে আগামী ১৩ আগস্ট শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১১৭/১০, ৩৪.২ ওভার (ডি সিলভা ২৪, পেরেরা ২০, নাথান লিঁও ৩/১২)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২০৩/১০, ৭৯.২ ওভার (ভোজেস ৪৭, মার্শ ৩১, হেরাথ ৪/৪৯।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৩৫৩/১০, ৯৩.৪ ওভার (মেন্ডিস ১৭৬, চান্ডিমাল ৪২, স্টার্ক ৪/৮৪)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ১৬১/১০, ৮৮.৩ ওভার (স্মিথ ৫৫, বানর্স ২৯, হেরাথ ৫/৫৪)।
ফল : শ্রীলঙ্কা ১০৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কুশাল মেন্ডিস (শ্রীলঙ্কা)।
