দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা রণপকুমার ভক্ত।
গত ২৫ জুলাই ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ছয়তলা ওই ভবনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় রাতভর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলে। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যদের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।
অভিযানের দুই দিন পর ২৭ জুলাই ৫৪ ধারায় গ্রেফতার হন তাজ মঞ্জিল এর মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভীন ও ছেলে মাজহারুল ইসলাম। বাড়িভাড়া দেয়ার আগে ভাড়াটিয়াদের নাম ঠিকানা যাচাই না করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেফতার হন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা বজলার রহমান জিজ্ঞাসাবাদের জন্য বুধবার মমতাজ পারভীন এবং বৃহস্পতিবার মাজহারুল ইসলামকে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেছিল।
