জঙ্গি কারা তৈরি করেছে সরকার জানে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২০:৪১
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, দেশে এখন যা শুরু হয়েছে তা তারাই করছে, যারা এখন ক্ষমতায় নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্যই মানুষ হত্যার মত জঘন্য কাজে ব্যস্ত হয়েছে। তারা ইসলামের চরম ক্ষতি করছে। আর এর অর্থের যোগান দিচ্ছে ইহুদিরা।
 
শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ডে) বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কুমিল্লা বিভাগীয় (প্রস্তাবিত) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশের সাম্প্রতিক যেসব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তা আইএস নয়, আমাদের দেশে সৃষ্ট জঙ্গি। স্থানীয়ভাবে তাদের তৈরি করা হয়েছে। কারা তৈরি করেছে তা সরকারের কাছে পরিস্কার।
 
তিনি আরো বলেন, যারা মনে করেন মানুষ মেরে বেহেশতে যাওয়া যায়, তারা কখনো মুসলমান নয়। মহানবীর বিদায় হজ্জ্বের ভাষণ অনুসরণ করলে পৃথিবীতে কখনে জঙ্গি থাকবে না, মুসলিম পৃথিবীতে কোন হানাহানি থাকবে না।
 
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোজ্জাম্মেল হক সরকার বকুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বিরু, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনসহ আরো অনেকে।
 
সম্মেলনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারকে সভাপতি ও হোমনা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুমিল্লা বিভাগীয় উপজেলা পরিষদ এসোসিয়েশন গঠন করা হয়।