বোলারদের গতি নিয়ে কাজ করবেন আকিব

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২০:৪৪
বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আর স্বল্প সময়ের এই সফরে বোলিংয়ের মূল কৌশলগুলোই শেখাবেন পাকিস্তানি এই তারকা।
 
শনিবার ঢাকায় প্রথম দিনের কার্যক্রম শেষে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান লাহোর কালান্দার্সের এই টিম ডিরেক্টর।
 
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকিব জাবেদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জাতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য তার সঙ্গে তিন-চারবার যোগাযোগ করা হয়েছিল। এ জন্য তিনি গর্বিত ও আনন্দিত। তবে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি থাকায় বাংলাদেশে দলের কোচের দায়িত্ব নেয়া সম্ভব হয়নি।
 
এতো স্বল্প সময়ে বোলারদের কতটা শেখানো সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয়দিন খুব কম সময় না। আর আমাকে একবারে প্রথম থেকে শুরু করতে হবে না। বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এই সময়ে বোলারদের এসব প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেবো যাতে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পেস বোলার কম কেন এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি এই তারকা বলেন, আগে বাংলাদেশে আদর্শ কোন ফাস্ট বোলার ছিলে ানা। এখন তাসকিন, রুবেল, মুস্তাফিজরা ভালো করছে। এদের দেখাদেখি সামনে বাংলাদেশেও আরো ফাস্ট বোলার তৈরি হবে। 
 
এদিকে, প্রথম দিন আকিব জাবেদ এইচপি ও জাতীয় দলের বোলারদের ছাড়াও দেশীয় কোচ সরোয়ার ইমরান, মিজানুর রহমান ও মাহবুব জ্যাকির সঙ্গেও কথা বলেন। বিসিবির আমন্ত্রনে এইচপি দলের ক্যাম্পে সাতদিনের জন্য গত শুক্রবার ঢাকায় আসেন আকিব জাভেদ।