দেশের বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করা হবে: শিল্পমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২১:৫৩
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে আজ আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়ছে। দেশের বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করতে হবে।'
 
শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মানিকহার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো শাহ আলম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
 
আমির হোসেন আমু আরো বলেন, 'বিদেশে নিজের বাড়ীর গাছ কাটতে হলে সরকারের অনুমোদন লাগে কিন্তু আমাদের দেশে লাগেনা। তাই বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করা হবে। পরিবেশের ভারসাম্য না থাকায় আজকে ক্যান্সার, কিডনির রোগ, হাই ব্লাড প্রেশারসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।' তাই দেশের ফলজ বৃক্ষ রোপণে সকলকে এগিয়ে আসার জন্য মন্ত্রী আহ্বান জানান।
 
শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। পরে মন্ত্রী ঝালকাঠি সরকারি কলেজের কলেজ ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
 
ঝালকাঠি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপুর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মজিবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো. শাহ আলম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া মন্ত্রী ঝালকাঠি সরকারি কলেজে ১০০ শয্যা বিশিষ্ট ফিরোজা আমু ছাত্রী নিবাস নির্মাণের ভিত্তিফলক স্থাপন করেন। ৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মিত হবে।