জঙ্গিদমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ নেত্রী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব ও তার জঙ্গিদমন পদ্ধতি অবলম্বন করে শুধু বাংলাদেশে নয়; বৈশ্বিক সন্ত্রাসাবাদ ও জঙ্গিবাদ দমন সম্ভব হবে। জেলার বোচাগঞ্জে একটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক জনসভায় শনিবার তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, বাংলাদেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে তখন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আগুন সন্ত্রাস, গুপ্তহত্যার পথ খালেদা জিয়া ও জামায়াত এখন জঙ্গিবাদ শুরু করছে। দেশের মানুষের উন্নয়ন তাদের পছন্দ হয়না।
তিনি বলেন, শেখ হাসিনা প্রগতি ও উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন আর খালেদা জিয়া দেশে জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন। দেশের মানুষ আজকে বুঝতে পেরেছে উন্নয়নের জননী শেখ হাসিনা। জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, এভাবে দু’একটি বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটিয়ে দেশের উন্নয়ন স্তিমিত করা যাবেনা। উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী বক্তব্য রাখেন।
