কুমিল্লা সদর উপজেলায় কবরস্থানের সংস্কার কাজের জের ধরে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় রাসেল (২৬) নামের এক যুবক নিহতের ঘটনায় পাল্টা হামলায় আরো ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের গাছ কাটা নিয়ে কাউছার ও হানিফদের সঙ্গে একই এলাকার আবদুল মালেকের পরিবারের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষ-গোলাগুলিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কাতার প্রবাসী রাসেলকে (২৭) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে রাসেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন প্রতিপক্ষের একই এলাকার আবদুস সালামের ছেলে হানিফকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তার মৃত্যু হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
