নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় ইরফান খান তাই। কঙ্গনা রানাওয়াত তার বিপরীত প্রকৃতির মানুষ। সু-অভিনয়ের জন্য দুজনেরই সুনাম রয়েছে। তবে একটা জায়গায় ইরফানের চেয়ে এগিয়ে বলিউড কুইন। আর তা হলো যার-তার সাথে মেজাজ দেখানো, ঝগড়াঝাঁটি এবং বিতর্কে জড়ানো। বিটাউনের হাঁড়ির খবর হল, ইরফানের সাথেও ঝামেলা করেছেন কঙ্গনা, যার দরুন নায়িকার সাথে পর্দা ভাগাভাগিতে অস্বীকৃতি জানিয়েছেন 'লাইফ অফ পাই' তারকা।
শোনা যাচ্ছে, ‘লাঞ্চবক্স’ ছবির পরিচালক রীতেশ বাত্রার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন ইরফান। আর সেই ছবিতেই নাকি তার বিপরীতে অভিনয় করার কথা ছিল কঙ্গনার। কিন্তু এই খবরেই জল ঢেলে দিলেন ইরফান। তার সাফ কথা, 'তিনি কঙ্গনার সাথে কাজই করবেন না।
ইরফান ও কঙ্গনা এর আগে ‘ডিভাইন লাভ’ নামক একটি ছবিতে একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কঙ্গনা ডেটের সমস্যায় সে ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। আর তাতেই বোধ হয় খানিক ক্ষুণ্ন হয়েছিলেন ইরফান।
সেই সময় ইরফান সংবাদমাধ্যমকে জানান, 'মনে হয় কঙ্গনা অভিনেতা হিসেবে নিজেকে অনেক বেশি উন্নত করে তুলেছেন। আর তাই তিনি অভিনেত্রীর ভূমিকা ছেড়ে অভিনেতার ভূমিকায় অভিনয় করতে চান।'
বলিপাড়ার অনেকে মনে করছেন, সেই ঝামেলার রেশই চলেছে। আর তাতে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শকই। কেননা, বলিপাড়ার দুই তুখোড় অভিনেতাকে মুখোমুখি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারাই।
